মহাশোরগোল প্রতিবেদন: বাংলায় হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। বিদ্রোহী কবির চরিত্রে বড়পর্দায় দেখা যাবে তাঁকে। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আব্দুল আলিম। ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শেষজীবন পর্যন্ত তুলে ধরা হবে।
অভিনেতা কিঞ্জল নন্দ জানান, এ বছর শীতের মরশুমে এই ছবির শুটিং শুরু হবে। ছবিতে ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে।
পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্র ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল। এই ছবির শুটিং হবে দীর্ঘদিন ধরে। পশ্চিমবঙ্গ ও রাজ্যের বাইরে ছবির শুটিং হবে। ছবিতে স্ক্রিপ্ট লিখেছেন সৌগত বসু। এই ছবি তৈরির আগে জোরকদমে নজরুলের জীবন নিয়ে রীতিমতো গবেষণা চলছে। নিখুঁতভাবে সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরতে যা যা করা দরকার, তার কোনওটারই কসুর করছেন না নির্মাতা।
ছবিতে একটি বড় অংশে থাকছে মিউজিক। মিউজিক ডিরেক্টর হিসাবে থাকতে পারেন জয় সরকার। ছবিতে এডিটর হিসাবে থাকবেন অর্ঘ্যকমল মিত্র।
পরিচালক আব্দুল আলিম বলেন, ‘এই ছবিটি নিয়ে আমরা শুটিংয়ে খুব তাড়াহুড়ো করতে চাই না। নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি।’
