মহাশোরগোল প্রতিবেদন: নতুন আন্তর্জাতিক বছরের শুরুতেই স্বর্ণযুগের মধুকণ্ঠী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের দু’টি গান নিয়ে রেট্রো সিরিজ শুরু করলেন অরুণিমা দে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্যলগ্নে কলকাতা প্রেস ক্লাবে DIGIMAX CREATION নিবেদিত এই গান দু’টির ভিডিয়ো অ্যালবাম প্রকাশিত হল। সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী জুটির ছবি ‘তুমি ও তুমি’ এবং ১৬০ পর্ব অতিক্রান্ত হওয়া অনুষ্ঠান A CUP OF চা WITH ARUNIMA ও DIGIMAX CREATION-এর কর্ণধার অরুণিমা দে বরণীয় শিল্পীদের গান নতুনভাবে শ্রোতা-দর্শকদের সামনে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছেন। ‘এ শুধু গানের দিন’ এবং ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ গানে শ্রুতিমধুর কণ্ঠদান করে শ্রোতাদের সামনে তুলে ধরেছেন ‘তুমি ও তুমি’ খ্যাত সংগীতশিল্পী শ্রীমতি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চলচ্চিত্র প্রযোজক রঞ্জনা গাঙ্গুলি।
ভিডিয়ো দু’টি প্রযোজনা ও পরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় ও সুদক্ষ পরিচালক-প্রযোজক অরুণিমা দে। পুরোনো গানের মূল সত্তা অক্ষুণ্ণ রেখে নিজের মতো করে সুরের বাঁধনে গানগুলিকে বেঁধে নতুনত্বের স্বাদ দিতে চেয়েছেন সংগীত পরিচালক সন্দীপ সিংহ (বাপ্টু)। আর এই গানগুলির চলমান দৃশ্যায়নে চিত্রগ্রহণের কাজটি নিপুণভাবে সম্পাদন করতে সমর্থ হয়েছেন প্রণব সরকার। সেখানে অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন দেবযানী ঘোষ। সুদক্ষ হাতে দৃশ্যগুলি সম্পাদনার মাধ্যমে ভিডিয়ো দু’টি দর্শকদের কাছে মনোগ্রাহী করে তুলেছেন সুজয় মিশ্র।

