মহাশোরগোল প্রতিবেদন: গত ১৪ ডিসেম্বর, শনিবার বাঁকুড়ার গান্ধী বিচার পরিষদের গান্ধী ভবনে অনুষ্ঠিত হল শহরের ‘মুক্তকণ্ঠ’— দি পারফেক্ট ভয়েস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম বর্ষ)। এখন বাঁকুড়া শহরে রাতের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তাই দুপুর সাড়ে তিনটেতেই শুরু হয় অনুষ্ঠান। চলে রাত সাড়ে আটটা পর্যন্ত।
অনুষ্ঠানে ছিল মুক্তকণ্ঠের শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি, আবৃত্তি কোলাজ, শ্রুতিনাটক প্রভৃতি। রঙিন সাংস্কৃতিক মঞ্চে ছিল মুগ্ধতার আবেশ। গুণী শিক্ষার্থীদের মনন ও শিক্ষা থেকে আনন্দরস নিষ্কাশিত হয়ে অনুষ্ঠান কক্ষে তৈরি হয়েছিল এক মনোজ্ঞ পরিবেশ।
অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন গান্ধী বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায়। বেদমন্ত্র উচ্চারণ করেন শক্তি চট্টোপাধ্যায়। মুক্তকণ্ঠের শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় শীর্ষসংগীত ‘সত্যমঙ্গল প্রেমময় তুমি’। রবীন্দ্রসংগীত, আবৃত্তি, কবিতা কোলাজ, শ্রুতিনাটক, নৃত্য প্রভৃতিতে অংশগ্রহণ করেন কনকচাঁপা মুখার্জি, শম্পা ব্যানার্জি, তাপসী মহন্ত, অনীশ সিংহ মহাপাত্র, অমৃত ডাঙর, সপ্তপর্ণা গুড়িয়া, অলংকৃতা, শর্মিলা চৌধুরী, করবী চট্টোপাধ্যায়, টিংকু ব্যানার্জি, শুচিস্মিতা মুখার্জি, শ্রুতিশ্রদ্ধা মৌলিক, সোহম মুখার্জি, তৃষ্ণা মুখার্জি, কৃষ্ণম ব্যানার্জি, সোমা সাহানা, রুমা হাজরা, সংগীতা পাল, ঝুমা ব্যানার্জি, সোনালি অধিকারী, শুক্লা এবং প্রশিক্ষক দেবাশিস মৌলিক। শিশু শিক্ষার্থীদের রবীন্দ্রসংগীত, সম্মিলিত গান, কবিতা কোলাজ, নৃত্য পরিবেশনা যথেষ্ট প্রশংসা অর্জন করে। মূলত তারাই বেশি আলোকিত করেছিল সমগ্র অনুষ্ঠানটিকে। সিন্থেসাইজার ও তবলায় সহযোগিতা করেন পিকু ও বিশ্বরূপ কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ রায়।


খুব উপভোগ করেছি,আনন্দ পেয়েছি,আশাকরি উপস্থিত সকলকে আনন্দ দিতে পেরেছি ।
আগামী বার আরো ভালো হবে নিশ্চয়।