পার্থপ্রতিম বিশ্বাস
প্রতিবছরের মতো এ বছরও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে মহোৎসাহে পালিত হয়েছে অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন। ৯৬তম জন্মদিন উপলক্ষে ৪ আগস্ট কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপোসংলগ্ন এলাকায় তাঁর মূর্তির পাদদেশে আয়োজন করা হয় এই মনোজ্ঞ অনুষ্ঠানের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেডারেশন অব সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস।
শিল্পীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন, জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কিশোরকণ্ঠী খ্যাতনামা গায়ক গৌতম ঘোষ, সংগীতশিল্পী রূপঙ্কর বাগচি, সৈকত মিত্র, অভিনেতা বিশ্বনাথ বসু, সিনে রাইটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাঞ্চনকুমার চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক পারমিতা মুন্সী এবং সিনেমা ও টেলিভিশন জগতের প্রযোজক, পরিচালক-সহ কলাকুশলীরা।
সিনে টেকনিশিয়ানদের আয়োজনে বিনোদন জগতের লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তিদের সমাগমে এ মঞ্চ যে মনোগ্রাহী পরিবেশ সৃষ্টি করবে, তা তো অভিপ্রেতই। রুপোলি পর্দার নায়ক প্রসেনজিৎ একসময় গানে কণ্ঠদানের মাধ্যমে উপস্থিত সকলের মন জয় করলেন। গাইলেন স্বনামধন্য গায়ক ইন্দ্রনীল সেন। কণ্ঠের জাদুতে মাতালেন গৌতম ঘোষ। ‘কভি অলবিদা না কহনা’ গানটি শোনালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও তাঁদের সুচিন্তিত বক্তব্য ফেডারেশনের ভিতকে আরও শক্তিশালী করার পক্ষে সায় দেয়। আসলে এ সংগঠন অভিনয় জগতের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য নিরাপদ আশ্রয়। তাই এর প্রতিটি পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে দেওয়ার অর্থ নিজেকেই এগিয়ে নিয়ে যাওয়া।


Bhalo laglo