মহাশোরগোল প্রতিবেদন: সম্প্রতি হাওড়ার বালিতে শেষ হয়েছে তিনদিন ব্যাপী তপন সিংহ ও অরুন্ধতী দেবীর জন্ম শতবর্ষ চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠান। সিনে গিল্ড, বালির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সহযোগী ছিল তপন সিংহ ফাউন্ডেশন এবং এফ এফ এস আই। এফ এফ এস আইয়ের কোনও প্রতিনিধি অনুষ্ঠানে একদিনও যোগ দেননি। তপন সিংহ ফাউন্ডেশনের অরিজিৎ মৈত্রের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় প্রতিদিন তাঁর উপস্থিতি এবং বক্তা অতিথিদের সঙ্গে আন্তরিক সঙ্গদানের জন্য।
তিনদিনের ওই অনুষ্ঠানে দেখানো হয়েছে তপন সিংহ পরিচালিত ‘লৌহকপাট’, ‘আদমি অউর অউরত’, ‘দিদি’, ‘জতুগৃহ’, ‘এক ডক্টর কি মৌত’, অরুন্ধতী দেবী পরিচালিত ‘ছুটি’ এবং অরুন্ধতী দেবী অভিনীত ও প্রভাত মুখোপাধ্যায় পরিচালিত ‘বিচারক’ ছবি। আলোচনা ও স্মৃতিচারণা করেছেন রাজা সেন, শিশির রায়, সুদেষ্ণা রায়, রোমি চৌধুরী, বকুল শ্রীমানী, অভিজিৎ গুহ ও অরিজিৎ মৈত্র। সিনে গিল্ড, বালির পক্ষ থেকে সকল অতিথি বক্তা, দর্শক এবং দুই পুস্তক স্টল (বাণী শিল্প ও পিপলস ফিল্ম কালেকটিভ)-এর প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানানো হয়।
