কাজল মুখার্জি

‘খালি পেটে জল আর ভরা পেটে ফল’, এই বিশ্বাস নিয়ে আছেন অনেক মানুষ। কিন্তু বর্তমান গবেষণা বলছে, মানে যতই ভালো হোক না কেন, ফলের পুষ্টিগুণ বজায় রাখতে গেলে ফল খেতে হবে দিনের নির্দিষ্ট সময়। তবেই ফলে থাকা ভিটামিন, প্রোটিন এবং খনিজগুলি শরীরের উপকারে আসবে।
ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে সব সময়ই ভালো। ফল আমাদের শরীরে পুষ্টি জোগায়। কিন্তু ফল খাওয়ার কিছু নিয়ম রয়েছে। সেগুলি মানতে পারলে তবেই আপনি ফল খাওয়ার সঠিক উপকারিতা লাভ করবেন। খালি পেটে কোনও সময়ই ফল খাওয়া স্বাস্থ্যকর নয়। বরং এর ফলে আপনার প্রবল অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই অন্তত সামান্য কিছু খাবার খেয়ে তারপর ফল খান। একদম খালি পেটে ফল খাবেন না।
অনেক সময়ই ফল খাওয়ার ফলে, বিশেষ করে মিষ্টি জাতীয় ফল খেলে ব্লাড সুগারের লেভেল বাড়তে পারে। সেক্ষেত্রে ফল খাওয়ার পর একটু বাদাম জাতীয় কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। যাঁদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাঁরা লেবু জাতীয় ফল খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে পারেন। কারণ ভিটামিন সি সমৃদ্ধ এ জাতীয় ফল খেলে প্রচুর পরিমাণে অ্যাসিডের সমস্যা দেখা দিতে পারে।
আবার ভারী খাবার খাওয়ার পর ভরা পেটে ফল খেলে তা থেকে অ্যাসিডের সমস্যা হতে পারে। তাই ভারী খাওয়াদাওয়া করার পর ফল খাওয়া থেকে বিরত থাকুন। শুধু ফল নয়, যে কোনও খাবারের সঙ্গেই জল খাওয়া উচিত নয়। কারণ এভাবে খাবার খেলে আপনার হজমশক্তি খারাপ হয়ে যেতে পারে। তাই ফল খাওয়ার সময় জল এড়িয়ে চলুন।
অনেকেই ফলের রস করে তারপর সেটা খান। ফলের পুষ্টিগুণ পুরোটা পেতে চাইলে রস করে খাওয়ার বদলে চিবিয়ে ফল খান। ফল খাওয়ার আদর্শ সময় হল সকালবেলা। কিন্তু ঘুম থেকে উঠে খালি পেটে ফল খেলে অনেকেরই সমস্যা হয়। সে ক্ষেত্রে মুখ ধুয়ে, জল খেয়ে, তার কিছুক্ষণ পর ফল খেতেই পারেন। ঘুম থেকে ওঠার পর ফল খেলে তা হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফলে থাকা গুরুত্বপূর্ণ ভিটামিন এবং এনজাইমগুলি সঠিকভাবে কাজ করতে পারে।
সকালের জলখাবার এবং দুপুরের মধ্যাহ্নভোজের মাঝে খিদে পায়? এই সময় ফল খাওয়া উপকারী। কারণ সকালের খাবার খেয়ে পেট ভার হলে ফল সেই খাবার হজম করিয়ে দিতে পারে খুব সহজেই। প্লেটভর্তি ফলের সঙ্গে বাদাম এবং বিভিন্নরকমের দানাশস্য সকালের খাবার হিসাবে ভালো।
শারীরিক কসরত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, তা পেতে গেলে উচ্চ ক্যালোরির খাবার খেতে হবে। কিন্তু জিম করার আগে বা পরে তেমন খাবার খেতে নিষেধ করেন প্রশিক্ষকরা। এই সময়ও খাওয়া যেতে পারে ফল।
ঘুমোতে যাওয়ার আগে ফল খাওয়ার অভ্যাস কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। শুধু তাই নয়, পর্যাপ্ত ঘুমেও ব্যাঘাত ঘটাতে পারে ফল। সময় নেই, তাই মূল খাবারের সঙ্গেই ফল খেতে শুরু করেছেন? এই অভ্যাসে হজমশক্তি নষ্ট হয়। ফলের পুষ্টি শরীরে সঠিকভাবে পৌঁছে দিতে খাওয়ার একঘণ্টা আগে বা একঘণ্টা পরে ফল খান। দুপুরের ভাতঘুম ফল খাওয়ার কথা ভুলিয়ে দিয়েছে। বিকেলে তাই চা খেতে খেতেই কেটে রাখা ফলগুলি খেয়ে ফেললেন। এই অভ্যাস যে শুধু খারাপ, তাই নয়, বিষক্রিয়ার কারণও। তাই কিছু নিয়ম মেনে ফল খেলে সঠিক ফল পাওয়া অবশ্যই সম্ভব হয়।
