মহাশোরগোল প্রতিবেদন: সম্প্রতি কলকাতার নন্দনে ‘এক বৃষ্টির রাতে’ ছবির ট্রেলার, ট্রিজার ও পোস্টার রিলিজ হয়েছে। এখানে পরিচালক ধনঞ্জয় মণ্ডলের ‘এক বৃষ্টির রাতে’ ছবির স্ক্রিনিং হয়েছে। তার আগে ছবির ট্রেলার, ট্রিজার ও পোস্টার রিলিজ করা হয় সাংবাদিকদের উপস্থিতিতে পরিচালক, প্রায়োজক ও কলাকুশলীদের নিয়ে।
এ ছবিতে গ্রামের বৃষ্টির এক অপূর্ব সুন্দর রূপ দেখতে পাওয়া গেল, সঙ্গে পরকীয়া প্রেমের গল্পের এক অন্য বুনট। চিত্রনাট্যে কলকাতায় রমেন দের বাড়িতে ভাড়াটে থাকাকালীন রানি ও রুনুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আইটি কর্মী রানির স্বামী বংশীর কাছে তার জন্য সময় নেয়। রুনু তাকে সঙ্গ দিত। হঠাৎ বংশী আইটির চাকরি ছেড়ে গ্রামে স্কুলমাস্টারের কাজে যোগ দিলে রানিকে শহর ছেড়ে দূরে এক গ্রামে যেতে হয়। সেখানে গিয়ে সে আরও নিঃসঙ্গ হয়ে পড়ে। রুনুকে চিঠি লিখতে শুরু করে। ছ’মাস পরে যেদিন রুনু গ্রামে গিয়েছে, বিকেল থেকে রাত বৃষ্টি। সেদিন ফোনে বংশী জানায়, বাড়ি ফিরতে পারছে না। বৃষ্টিভেজা সন্ধ্যায় দু’জন নারী-পুরুষের মধ্যে সম্পর্কের নানা পরত দেখা যায়। মিলনের তীব্রতা বাড়তে থাকে। শুধু দু’জন নয়, তিনজন। তৃতীয় ব্যক্তি হলেন বাড়িওয়ালি মাসিমা। বাকিটা ছবি মুক্তি পাওয়ার পর হলে গিয়ে দেখুন। নিরাশ হবেন না। ভালো লাগবে।
যথেষ্ট মুনশিয়ানার সঙ্গে ছবিটি পরিচালনা করেছেন ধনঞ্জয় মণ্ডল। তাঁর ঝুলিতে দুটো জাতীয় পুরস্কার আর ১৬টি ইন্টারন্যাশনাল পুরস্কার রয়েছে। তিনি ‘তালনবমী’, ‘কৃষ্ণযাত্রা’, ‘সাইলেন্ট কিলার’-এর মতো ছবি বানিয়ে সুনাম অর্জন করেছেন। তাঁর আই ক্রিয়েশন নিবেদিত এ ছবিটি বিশ্বাস মিডিয়া সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় নির্মিত। মউ ফিল্মসের প্রয়াসে এবং রতন ভট্টাচার্যের গল্প কৃষ্ণকীর্তন অবলম্বনে এ ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছেন শান্তনু ব্যানার্জি। শব্দ গ্রহণে শম্ভু সাহা। সম্পাদনায় দীপক মণ্ডল। শিল্প নির্দেশনায় তরুণ মিশ্র। কালীপদ সামাইয়ের কথায় এবং বিলবো সরকারের সুরে একটি মাত্র গান গেয়েছেন রিন্টু মজুমদার। অভিনয়ে জিনিয়া মুখার্জি, জিৎ সুন্দর, ছন্দা চ্যাটার্জি, অনীক রাউত, মৌসুমী সিনহা, জিসা, শিশুশিল্পী অমোঘ।
