মহাশোরগোল প্রতিবেদন: গত ২২ আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত বিশ্বাস (জর্জ বিশ্বাস)-এর ১১৩তম জন্মদিন পালিত হল বাঁকুড়ার প্রতাপবাগানে অধ্যাপক সুবিকাশ চৌধুরী ও শর্মিলা চৌধুরীর বাসভবনে। ‘আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল আকাদেমি’-র উদ্যোগে এবং চৌধুরী পরিবারের ব্যবস্থাপনায় অনাড়ম্বরভাবে জন্মদিন পালনের অনুষ্ঠানটি ছিল তাঁর গাওয়া গানে তাঁকেই শ্রদ্ধা নিবেদনের।
প্রাণচঞ্চল, নয়নাভিরাম, আনন্দোচ্ছল এই অনুষ্ঠানে হাজির ছিলেন আলেখ্য বাঁকুড়ার সদস্য-সদস্যারা। অনুষ্ঠানের শুরুতেই কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। পাশাপাশি তদন্ত দ্রুত শেষ করে দোষীদের চরম শাস্তির দাবি জানানো হয়।
তারপর কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী জর্জ বিশ্বাসের জীবন নিয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন অধ্যাপক সুবিকাশ চৌধুরী, সংস্থার সভাপতি শক্তি চট্টোপাধ্যায় এবং সম্পাদক দেবাশিস মৌলিক। আবৃত্তিতে অংশগ্রহণ করেন পিয়া মুখার্জি, সন্ন্যাসী মাইতি, সুলেখা চৌধুরী এবং সংগীতা পাল। কিংবদন্তি শিল্পীর গায়কিতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, সংস্থার সহ-সভাপতি শর্মিলা চৌধুরী, সম্পাদক দেবাশিস মৌলিক, করবী চট্টোপাধ্যায়, শ্রুতিশ্রদ্ধা মৌলিক, রুমা হাজরা, সোমা সাহানা, সোহম মুখার্জি, টিঙ্কু ব্যানার্জি এবং শ্রাবণী প্রধান। উপস্থিত ছিলেন অমিতাভ সেনগুপ্ত এবং আরও অনেকেই।
অন্য পোস্ট: আর জি কর কাণ্ড ও নারী আন্দোলন
অনুষ্ঠান শেষ হয় উপস্থিত আলেখ্য শিল্পীদের সমবেত কণ্ঠে গাওয়া ‘আকাশভরা সূর্য-তারা’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানটি প্রকৃত অর্থে ছিল পবিত্রতায় কান্তের প্রকাশ, হৃদয়মধ্যে মহাভাবপরমোৎকর্ষ তৃষ্ণাশালিত্বের।

অনবদ্য সুন্দর প্রতিবেদন । পড়ে মুগ্ধ হলাম । ধন্যবাদ মহাশোরগোল ডট কমকে ।
Darun
দারুণ ভালো লেগেছে।