অধ্যাপক ড. জয়ন্তকুমার দেবনাথ

বিশ্ব ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস। সেখানে দুই শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্যে ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে সেরা খেলোয়াড় হওয়ার প্রতিযোগিতা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে। তারপর যে গেমসের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের বেশি উৎসাহ এবং অপেক্ষা, তা হল কমনওয়েলথ গেমস। এই গেমসও প্রতি চার বছর অন্তর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে কমনওয়েলথভুক্ত দেশগুলি। কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল ১৯৩০ সালে। তখন এই গেমসের নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস।
একসময় পৃথিবীতে ব্রিটিশরা যে সমস্ত দেশ শাসন করেছে, তাদের মধ্যে অনুষ্ঠিত গেমসই হল কমনওয়েলথ গেমস। গত কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। সেখানে ১৯টি খেলা অনুষ্ঠিত হয়। ভারতীয় খেলোয়াড়রা ২২টি স্বর্ণপদক, ১৬টি রৌপ্যপদক এবং ২৩টি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট ৬১টি পদক নিয়ে চতুর্থ স্থান লাভ করেছিল। কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারত ২০৩টি স্বর্ণপদক, ১৯০টি রৌপ্যপদক এবং ১৭১টি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট ৫৬৪টি পদক লাভ করে। শুরু থেকে আজ পর্যন্ত পদকপ্রাপ্তির নিরিখে ভারত চতুর্থ স্থান লাভ করেছে। কমনওয়েলথ গেমসে বরাবর অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা পদক তালিকায় ভারতের উপরে থাকে। ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত সবচেয়ে ভালো ফল করেছিল। সে বছর ভারত ৩৮টি স্বর্ণপদক, ২৭টি রৌপ্যপদক এবং ৩৬টি ব্রোঞ্জ পদক মিলিয়ে মোট ১০১টি পদক নিয়ে পদক তালিকায় অষ্ট্রেলিয়ার পরে অর্থাৎ দ্বিতীয় স্থান লাভ করেছিল।
২০২২ সালে গত কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে। তাতে ১৯টি খেলা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আগামী গ্লাসগো কমনওয়েলথ গেমসে ১৯টি খেলার মধ্যে ৯টি খেলা বাদ দেওয়া হয়েছে। গত কমনওয়েলথ গেমসে যে ইভেন্টগুলিতে ভারতীয় খেলোয়াড়রা বেশি পদক জিতেছিলেন, তার অধিকাংশই আগামী গ্লাসগো-২০২৬ কমনওয়েলথ গেমসে দেখা যাবে না। এতে যে ভারতের পদকসংখ্যা কমে যাবে, তা নিশ্চিতভাবেই বলা যায়।
গত কমনওয়েলথ গেমসে প্রথম মহিলা ক্রিকেট গেমটি অন্তর্ভুক্ত হয়েছিল এবং ভারতীয় মহিলা দল রৌপ্যপদক লাভ করেছিল। গ্লাসগো-২০২৬ কমনওয়েলথ গেমসে তা থাকছে না। পুরুষদের হকিতে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে ভারত রৌপ্যপদক লাভ করেছিল। এবার আর থাকছে না হকিও। ক্রিকেট, হকি ছাড়াও এবারের কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে ব্যাডমিন্টন, কুস্তি, শ্যুটিং। এই তিনটি খেলার ইভেন্টেও ভারতীয়দের পদক পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। বাদ দেওয়া হয়েছে টেবিল টেনিস, স্কোয়াশ, ট্রায়াথলন এবং রোড রেস। বিশেষজ্ঞদের ধারণা, এতে আগামী গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদকসংখ্যা কমতে বাধ্য।
এখন প্রশ্ন হল, কেন এমনটা হল? আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে। কিন্তু তারা আর্থিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে আসার কথা কমনওয়েলথ গেমস ফেডারেশনকে জানিয়ে দেয়। তারপর কমনওয়েলথ গেমস ফেডারেশন স্কটল্যান্ডকে এই গেমসের আয়োজন করার দায়িত্ব দেয়। তাই আগামী কমনওয়েলথ-২০২৬ গেমস হবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। কিন্তু গ্লাসগো কর্তৃপক্ষ পরিকাঠামোর অভাব দেখিয়ে উপরোক্ত ৯টি খেলাকে বাদ দিয়েছে। এতে নিঃসন্দেহে বঞ্চিত হবেন ভারতীয় ক্রীড়াবিদরা।
