mahashorgol.com প্রতিবেদন: একঝাঁক চলচ্চিত্র তারকা ও গুণীজনের সমাবেশে কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয় হয়ে গেল ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার মিলন উৎসব। ৩১ অক্টোবর বাংলা চলচ্চিত্র জগতের কলাকুশলী ও অন্য কর্মীদের মধ্যে বিজয়া দশমী ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় এবং হৃদ্যতা বজায় রাখার উদ্দেশ্যে আয়োজিত হয় প্রীতিভোজের। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য অরূপ বিশ্বাস, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস, অভিনেতা দেব, জিৎ, বিশিষ্ট সাংবাদিক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, সিনে রাইটার্স অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক কাঞ্চনকুমার চট্টোপাধ্যায়-সহ বহু বিদগ্ধ ব্যক্তি।

এই আনন্দঘন মুহূর্তে ফেডারেশনের উদ্দেশ্য সকলের মধ্যে একতা বজায় রাখা। বন্ধুত্ব, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হিসাবে আয়োজিত এই মহৎ প্রচেষ্টা প্রকৃত অর্থেই সফলতার দাবিদার। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের দক্ষ নেতৃত্ব এবং কর্মকুশলতা এ কর্মযজ্ঞকে অন্য শিখরে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এছাড়াও ফেডারেশনের অন্তর্ভুক্ত গিল্ডগুলির কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মিলনোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

