শক্তিকুমার চট্টোপাধ্যায়

শৌখিন যাত্রাপালায় নতুন প্রজন্মের চার কন্যার অভিনয়ে তোলপাড় জেলা বাঁকুড়া। গত ২ নভেম্বর, রবিবার ইন্দপুর গোয়েঙ্কা স্কুলে মঞ্চস্থ হয়েছিল একটি জনপ্রিয় পৌরাণিক যাত্রাপালা ‘নরনারায়ণ’। কিংবদন্তি পালাকার প্রসাদকৃষ্ণ ভট্টাচার্য রচিত এবং সচ্চিদানন্দ পাত্র নির্দেশিত যাত্রাপালাটি প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীর সুদক্ষ অভিনয়ে খুবই চিত্তাকর্ষক হয়েছিল। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য, পালাটির স্থানীয় চার কন্যার অভিনয়ে সকল দর্শক মুগ্ধ ও অভিভূত হন।
যাত্রাপালায় একসময় ঘরের কন্যারা অভিনয়ে আসতে ভয় ও লজ্জা পেতেন। বর্তমান সময়ে রাজ্যের প্রায় সমস্ত জায়গায় পাড়া বা ক্লাবের শখের যাত্রায় নারী চরিত্রে স্থানীয় মহিলারা সাহস করে এগিয়ে এসে অভিনয় করছেন। ইন্দপুর ব্লকের বাংলা নাট্য অ্যাকাডেমির প্রযোজনায় নারী চরিত্রে বিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের অংশ নিতে দেখে সবাই মুগ্ধ। শুধু অংশ নেওয়াই নয়, অভিনয় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এই চার কন্যা। তাঁদের নাম প্রমুগ্ধা আচার্য, রোমি মণ্ডল, মুদ্রা পাত্র এবং রীণা গাঙ্গুলি। প্রমুগ্ধা আচার্য কুন্তী, রোমি মণ্ডল কাবেরী, মুদ্রা পাত্র দ্রৌপদী এবং রীণা গাঙ্গুলি পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছেন। চার কন্যার অভিনয়ের প্রশংসায় তোলপাড় যাত্রার শৌখিন মহল এবং জেলা বাঁকুড়া।
