মহাশোরগোল প্রতিবেদন কলকাতা, ১৩ মার্চ: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। ১৩ মার্চ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতা প্রেস ক্লাবেস সভাপতি স্নেহাশিস সুর ও অন্য বিশিষ্ট অতিথিরা। বসন্তের রঙে রঙিন প্রেস ক্লাব চত্বরে এ উৎসব উদযাপনে উপস্থিত অতিথিরা আনন্দে উপভোগ করেন। সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হয়।
মলয় পিট বলেন, ‘বসন্ত উৎসব শুধু ঋতুর পরিবর্তনের বার্তা নয়, এটি মানুষের হৃদয়ের আনন্দ ও ভালোবাসার প্রতিফলন। কলকাতা প্রেস ক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এই আয়োজনে অংশ নিতে পেরে আমি গর্বিত। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সভাপতি হিসাবে গর্বের সঙ্গে বলতে পারি, আমরা শুধু চিকিৎসা পরিষেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকি না, রাজ্যের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। পশ্চিমবঙ্গের সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষকে যুক্ত করে, রাজ্য সরকারের সহযোগিতা ও সহমতের ভিত্তিতে আমরা ২০২৭ সালের মধ্যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা সকলে মিলে এমন পরিকাঠামো ও পরিষেবার উদ্যোগ নিচ্ছি, যাতে এ রাজ্যের কোনও রোগীকে চিকিৎসা করাতে বাইরে যেতে না হয়।’
স্নেহাশিস সুর বলেন, ‘সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানোর ক্ষেত্রে কলকাতা প্রেস ক্লাব বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে। বসন্ত উৎসবের মাধ্যমে আমরা বাংলা সংস্কৃতির রঙিন ঐতিহ্যের উদযাপন করছি।’
