শক্তিকুমার চট্টোপাধ্যায়

বাঁকুড়া রবীন্দ্রভবনের আলোকোজ্জ্বল মঞ্চে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষে প্রশিক্ষণরত ছাত্রীদের পবিত্র ‘ল্যাম্প লাইটিং সেরিমনি’ হয়ে গেল। ১২ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে প্রশিক্ষণরত প্রায় ১০০ জন ছাত্রী সাদা ইউনিফর্ম পরে হাতে জলন্ত প্রদীপ নিয়ে সেবাধর্মের শপথ নেন। শপথবাক্য পাঠ করান নার্সিং স্কুলের প্রিন্সিপাল নার্সিং অফিসার সরিতা পাল। এই উপলক্ষে প্রশিক্ষক ও ছাত্রীরা সম্মিলিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান এবং অতিথি বরণের মধ্য দিয়ে।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত। তাছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট লেখিকা ও পরিসংখ্যানবিদ। তিনি পৃথিবীজুড়ে ফ্লোরেন্স ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসাবে পরিচিত ছিলেন। রীতি ও ঐতিহ্য অনুসারে নার্সিং শিক্ষার সূচনাতেই আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা ও স্মরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সিএমওএইচ ডা. শ্যামল সোরেন, বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. পঞ্চানন কুণ্ডু, বিশিষ্ট চিকিৎসক ডা. আদিত্যপ্রসাদ সরকার, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট শেফালি মণ্ডল, বিশিষ্ট কার্টুনিস্ট ডা. সায়ন পাল প্রমুখ। এছাড়া প্রশিক্ষণরত ছাত্রীদের অভিভাবকরা এবং শহরের বহু বিশিষ্ট ব্যক্তিও হাজির হন। অনুষ্ঠানে বাৎসরিক রিপোর্ট পেশ, নার্সিং পরীক্ষায় কৃতীদের পুরস্কার বিতরণ প্রভৃতি করা হয়। প্রশিক্ষকদের অংশগ্রহণে ‘বন্ধু’ গীতি আলেখ্য-সহ গোটা সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের প্রশংসা অর্জন করে।
