মহাশোরগোল প্রতিবেদন: ১৩ জুন পেরিয়ে গেল আন্তর্জাতিক সফটবল দিবস। এ উপলক্ষে কল্যাণীর নিকটস্থ গয়েশপুরে বেদিভবন বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমি মাঠে ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ‘ওয়ার্ল্ড সফটবল ডে সেলিব্রেশন কাপ’-এর। চারটি করে পুরুষ এবং মহিলা দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শুরুতে ক্লাবের সামনের বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি তথা বেদিভবন রবিতীর্থ বিদ্যালয়ের অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ড. সুজিতকুমার দাস, মুর্শিদাবাদ সফটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় দাস, পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক অধ্যাপক ড. উজ্জ্বল বাগ, হুগলি সফটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক কিষাণ দিকপতি, নদিয়া সফটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণকমল দাস, বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি মধুসূদন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ড. বিপ্লব ঘোষ, অধ্যাপক সর্বেশ্বর কোনাই, রাজ্য সফটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অমিত মণ্ডল-সহ আয়োজক বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জেলা এবং ক্লাব থেকে আগত খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা।
অত্যন্ত সুন্দর পরিবেশে আন্তর্জাতিক সফটবল ডে কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিভাগে হাওড়া শিবাজি স্পোর্টস অ্যাকাডেমি বিজয়ী এবং দত্তপুলিয়া আঞ্চলিক ক্রীড়া সংস্থা রানার্সআপ হয়েছে। পুরুষ বিভাগে বিজয়ী হয়েছে দত্তপুলিয়া আঞ্চলিক ক্রীড়া সংস্থা। রানার্সআপ হয়েছে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। পুরুষ এবং মহিলা বিভাগে অংশগ্রহণকারী দলগুলি ছিল, উত্তর ২৪ পরগনা, রানাঘাট ফ্রেন্ডস ক্লাব, দত্তপুলিয়া আঞ্চলিক ক্রীড়া সংস্থা, হাওড়া এবং পূর্ব বর্ধমান।




সবকিছু তদারকি করে প্রতিযোগিতাকে সর্বাঙ্গসুন্দর করে তুলেছেন রাজ্য সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমলাল মণ্ডল। বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির পক্ষে অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক অভিষেক সরকার দক্ষতার সঙ্গে অনুষ্ঠানটি আয়োজন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিজয়ী এবং বিজিত দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দলকেও আন্তর্জাতিক সফটবল ডে-তে স্মারক ট্রফি দেওয়া হয়। উপস্থিত সব অতিথিকে রাজ্য সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক উপহার দিয়ে বরণ করা হয়। সব শেষে পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ড. জয়ন্তকুমার দেবনাথ আয়োজক ক্লাবের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
