মহাশোরগোল প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার ইন্টারকলেজ (পুরুষ) ফুটবল প্রতিযোগিতা ২০২৪-’২৫-এর ফাইনাল ম্যাচে জয়লাভ করল বাণীপুর স্নাতকোত্তর সরকারি শারীরশিক্ষা কলেজ। এরপর তারা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। গত ৭ ফেব্রুয়ারি ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। পুরুষদের ফাইনালে বাণীপুর স্নাতকোত্তর সরকারি শারীরশিক্ষা কলেজ টাইব্রেকারে ৪-১ গোলে হাবড়ার শ্রীচৈতন্য মহাবিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হল।
গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারি ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে ১৮টি কলেজ নিয়ে শুরু হয়েছিল ইন্টারকলেজ (পুরুষ) ফুটবল প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি ছিল ফাইনাল ম্যাচ। তাতে অংশগ্রহণ করে স্নাতকোত্তর সরকারি শারীরশিক্ষা কলেজ, বাণীপুর এবং শ্রীচৈতন্য মহাবিদ্যালয়, হাবড়া। খেলা শুরু হয় বিকেল সাড়ে তিনটেয়। উভয় দলের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলা হয়। সারাক্ষণ উভয় দলই গতিময় ফুটবল উপহার দিয়েছে। উভয় দলই কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সাফল্য আসেনি। প্রথম এবং দ্বিতীয় অর্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। ফলে টাইব্রেকার পদ্ধতিতে খেলার মীমাংসা হয়।
বাণীপুর স্নাতকোত্তর সরকারি শারীরশিক্ষা কলেজ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, বারাসত কলেজ, শ্রীচৈতন্য কলেজকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। তারপর ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে। অন্যদিকে শ্রীচৈতন্য মহাবিদ্যালয় নেতাজি শতবার্ষিকী কলেজ, নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। তারপর গোবরডাঙা হিন্দু কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে।


ফাইনাল ম্যাচের দু'দলের খেলোয়াড় তালিকা: বাণীপর স্নাতকোত্তর সরকারি শারীরশিক্ষা কলেজ: সুকুমার মুর্মু (অধিনায়ক), বিশ্ব সরেন, বিবেকানন্দ টুডু, তোফাজুল হোসেন, সজলকুমার কুণ্ডু, পাপাই রায়, শ্যামল ক্ষেত্রপাল, সঞ্জয় মাঝি, লক্ষ্মণ মাঝি, প্রতীক মণ্ডল, সাহিল চৌধুরী, মৃন্ময় মাহাতো, মণিশঙ্কর দাস, রনক খেরোয়ার, রঞ্জন মাহাতো, উজ্জ্বল সোরেন, বিষ্ণুনারায়ণ লোহার এবং দেবজিত লায়েক।
শ্রীচৈতন্য মহাবিদ্যালয়: সায়ন মিস্ত্রি, জয় দাস, শামিম সর্দার, গুড্ডু রজক, সম্রাট চন্দ, অনুপম প্রামাণিক, রাজ দাস, সূর্য বিশ্বাস, দেবাশিস দাস, সৌম্যদীপ রায়, অয়ন সরকার, তন্ময় ভক্ত, রনি কর্মকার এবং ভাস্কর সাহা।

এভাবেই P.G.G.I.P.E কলেজ আরো এগিয়ে যাক শুভকামনা রইল