তপন বন্দ্যোপাধ্যায়

আজ শুভদিন, স্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি,
এই দিনটিতে আমরা বাঙালি হয়েছি অহংকারী।
দুই বাংলার একটাই ভাষা, সে ভাষার কী যে মহিমা!
পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে মাতৃভাষার গরিমা।
সারা পৃথিবীর মানুষ শুনেছে সুন্দরতম ভাষা,
সেই গৌরবে এখন প্রবল বাঙালির প্রত্যাশা।
আমাদের কবি পদাবলি লেখে, লেখে মঙ্গলকাব্য,
তরজা-নাটুয়া-আলকাপ আজও মজলিশে সুখশ্রাব্য।
কৃত্তিবাসের রামায়ণ আছে, মহাভারত কাশীদাসী,
কবিগান, ভাদু, তুষু ও ঝুমুর ব্রতকথা ভালোবাসি।
আমাদের আছে রামমোহন আর বিদ্যাসাগরি ভাষা,
তাঁদের হাতের সোনার ছোঁয়ায় ভাষা পেল ভালোবাসা।
আমাদের আছে রবিঠাকুরের পৃথিবীশ্রেষ্ঠ গান,
‘জনগণমন’ পেয়েছে জাতীয় সংগীত সম্মান।
কাজী নজরুল একাই একশো, শত শত গান তো,
অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, আছেন রজনীকান্ত।
আমাদের আছে অবন ঠাকুর, আঁকেন লেখেন ছবি,
ভাষার শরীর রং-তুলি দিয়ে রূপকথা যেন সবই।
নির্জনতার কবি আছে এক, তিনি সে জীবনানন্দ,
তারাশঙ্কর-বিভূতি-মানিকে বাংলার সোঁদাগন্ধ।
পাশাপাশি আছে বাংলাদেশের কত ভাষাভাস্কর,
প্রতিমুহূর্তে মিলেমিশে যায় দুই বাংলার স্বর।
বাংলা ভাষার শরীর উপচে এত এত বৈভব,
তাই নিয়ে আজ বাঙালিরা মাতি— একুশের উৎসব।
