কুন্তল চক্রবর্তী
বসুন্ধরা দিবসে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ধরিত্রী বন্দনার আয়োজন করলেন সংস্কার ভারতীর সদস্যরা। একসপ্তাহ ধরে এই উদ্যোগ চলবে। গত ২২ এপ্রিল সকালে শুরু হয় সংস্কার ভারতীর এ কর্মকাণ্ড।
দু’টি পর্বে এই উৎসব পালিত হয়। সকাল ছ’টা থেকে বেলা ন’টা পর্যন্ত ভূমি অলংকরণ করা হয় এবং বিকেল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুনীল সরকার এবং নন্দলাল বসু। এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন শিক্ষক সুকুমার নাথ। সকালে অশ্বত্থ গাছে জল সিঞ্চন করা হয়।
সুকুমার নাথ বলেন, ‘ধরিত্রীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। সকলের যৌথ উদ্যোগে এই ধরিত্রীকে বাসযোগ্য করে রাখতেই হবে।’ সংস্কার ভারতীর শাশ্বতী নাথ বলেন, ‘বট, অশ্বত্থ, অশোক, এ সমস্ত গাছ আজ বিলুপ্তপ্রায়। এগুলিকে রক্ষা করার দায়িত্ব আমাদের ওপরেই রয়েছে।’ সংস্কার ভারতীর উদ্যোগে প্রত্যেকটি অঞ্চলে ধরিত্রী বন্দনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সন্ধে ছ’টা থেকে ভাবগম্ভীর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মুকুলিকার শিশুশিল্পীদের গান এবং নাচের মধ্য দিয়ে এ অনুষ্ঠান এক অনন্য মাত্রা পায়। সব শেষে অনুষ্ঠিত হয় নাটক ‘বলাই’। প্রযোজনা করেছেন রবীন্দ্র নাট্য সংস্থা। আগামী দিনে এই ধরিত্রী বন্দনা সারাদেশের কাছে একটি জনপ্রিয় উৎসব হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন সুকুমার নাথ।
