মহাশোরগোল প্রতিবেদন: পশ্চিমবঙ্গের সংস্কৃতিমনস্ক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে কথায়, গানে, কবিতায় স্মরণ করল তপন সিংহ ফাউন্ডেশন। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠানটি হয় নান্দীমুখের সপ্না সভাঘরে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক অরিজিৎ মৈত্র। তারপর একে একে সংগীত পরিবেশন করেন সুপ্রীতা মৈত্র, ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়, গার্গী দাস বক্সি, ডা. উৎসব দাস, পিনাকী চক্রবর্তী, স্বাতী বসু এবং রঞ্জিনী মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যের অনুবাদ করা ভ্লাদিমির মায়াকোভস্কির কবিতা পাঠ করে শোনান নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শেষ পর্বে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট বাচিকশিল্পী রজত বন্দ্যোপাধ্যায়। স্মৃতিচারণায় অধ্যাপক অগ্নিমিত্র ঘোষের মুখ থেকে শোনা গেল অনেক অজানা কথা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাবন্ধিক অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। অরাজনৈতিক ওই অনুষ্ঠানে উপস্থিত সকলে মানুষ এবং লেখক-কবি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন।
