কুন্তল চক্রবর্তী

বনগাঁর আদিবাসী অধ্যুষিত প্রাচীন গ্রাম মোল্লাহাটি। শতাব্দীপ্রাচীন এই গ্রামে প্রথম থেকেই প্রত্যেক চৈত্রে একমাস ধরে চলে হরিনাম সংকীর্তন। অনুষ্ঠান শেষে চলে অষ্ট প্রহর সংকীর্তন। আদিবাসী অধ্যুষিত এই এলাকার মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ উদ্যোগে এবং বনগাঁ মহাকুমাবাসীর সহযোগিতার মধ্য দিয়ে এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ইতিমধ্যে রাজ্যজুড়ে খাতিলাভ করেছে। কোনওরকম সরকারি আর্থিক অনুকূল্য ছাড়াই এলাকাবাসীর নিজস্ব উপার্জনে তিলে তিলে সঞ্চয়ের মধ্য দিয়ে এই হরিনাম সংকীর্তন প্রতিবছর অনুষ্ঠিত হয়। বনগাঁ মহাকুমার ব্যাপক অংশের মানুষ এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানকে নিজেদের উৎসব বলে মনে করে।
এই আদিবাসী অধ্যুষিত অঞ্চলে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা তথা উত্তর ২৪ পরগনা জেলার বিশিষ্ট সমাজসেবক দেবর্ষি বিশ্বাস, বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়া, সমাজসেবক লিটন সরদার, ইন্দ্রজিৎ সরদার, ধনঞ্জয় মুন্ডা, শিশির সরেন প্রমুখ। অনুষ্ঠান প্রসঙ্গে দেবর্ষি বিশ্বাস বলেন, মোল্লাহাটি গ্রামের শতাধিক বছরের প্রাচীন এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান আগামী দিনে যাতে সরকারি সহায়তা পায়, তার জন্য দল-মত নির্বিশেষে সকলকে উদ্যোগী হতে আহ্বান জানান।
