মহাশোরগোল প্রতিবেদন: বনগাঁ পোস্ট অফিস রোডে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের দীক্ষাগ্রহণের শতবর্ষ উদ্যাপিত হল। স্বামী প্রণবানন্দজি প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ সারাদেশে সেবাকাজ করে চলেছে। সন্ন্যাসীদের দীক্ষাগ্রহণের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১১ মে বনগাঁয় ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব ভবনে যুব সম্মেলন উদ্যাপিত হল। সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মহারাজ এবং বনগাঁর বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবীরা।
সম্মেলনে বনগাঁ ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী অঙ্গিরানন্দজি বলেন, ‘বর্তমান সময়ে স্বামী প্রণবানন্দজির আদর্শকে আরও বেশি করে অনুসরণ করা প্রয়োজন। ভারত-পাক যুদ্ধ আবহাওয়ায় যুবসমাজের মধ্যে দেশপ্রেম আরও বেশি করে জাগ্রত হওয়া প্রয়োজন। যুবসমাজকে দেশের প্রতি আরও বেশি করে নিষ্ঠাবান হতে হবে।’
সমাজসেবী দেবর্ষি বিশ্বাস বলেন, ‘স্বামীজির দেখানো পথেই সকলকে ঐক্যবদ্ধভাবে দেশমাতৃকার সেবা করা প্রয়োজন। যদিও দেশের যুবসমাজ দেশমাতৃকার প্রতি অত্যন্ত নিষ্ঠাবান, মানুষের স্বার্থে ভারত সেবাশ্রম সংঘের সদস্য এবং সন্ন্যাসীরা যেভাবে কাজ করে চলেছেন, সেটি একটি মহৎ দৃষ্টান্ত।’
সমাজসেবী সোনাকুমার দাস বলেন, ‘বর্তমান সময়ে যুবসমাজকে বিভ্রান্ত করার অপপ্রচেষ্টা চলছে। দেশবাসীর স্বার্থে যুবসমাজের আরও বেশি করে কাজ করা প্রয়োজন। স্বামী প্রণবানন্দজি মানুষের পাশে থেকে যে সেবাকাজ করার দায়িত্ব আমাদের ওপর অর্পণ করে গিয়েছেন, তা নতমস্তকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পালন করার সময় এবং সুযোগ আজ উপস্থিত।’ এ সময় এবং সুযোগকে যুবসমাজ যথাযথভাবে ব্যবহার করবে বলে আশাপ্রকাশ করেছেন উত্তর ২৪ পরগনার বিশিষ্ট ব্যক্তি তথা সমাজসেবী সন্তু শিকদার।
