mahashorgol.com প্রতিবেদন: গাছ থেকে তৈরি হয় কাগজ। আবার সেই কাগজ দিয়ে তৈরি অভিনব কলম মাটিতে পুঁতলেই বেরোবে বিভিন্ন গাছের চারা। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার ৯ নম্বর গেটের সামনে এমনই একধরনের কলম বেচতে দেখা গেল বিশেষভাবে সক্ষম সুমল খাঁকে। তিনি জানালেন, বিভিন্ন রঙের এই কলম দিয়ে লিখতে লিখতে যখন কালি শেষ হয়ে যাবে, তখন মাটিতে পুঁতে দিলেই বেরোতে পারে ধনেপাতা, মেথি, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, বেগুন প্রভৃতি গাছের চারা।
পরিবেশ দূষণের এই ভয়াবহ পরিস্থিতিতে দিন দিন প্রকৃতি আক্রান্ত হচ্ছে। বহু প্রচেষ্টাতেও আটকানো যাচ্ছে না মানুষের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড। আর তার পরিণাম যে কতটা ভয়ংকর হতে পারে, মাঝেমধ্যেই প্রকৃতির রুদ্ররোষ তার প্রমাণ দিচ্ছে। তবুও আমরা অবিচল! এমন সময় লিখতে গিয়ে অল্প মূল্যে যদি পরিবেশবান্ধন কলম হাতে জোটে, তবে সেটা অবশ্যই সাদরে গ্রহণীয়।
থ্রি ইন ওয়ান এই কলম দিয়ে ভালো লেখা সম্ভব, এটি মাটিতে পুঁতলে পাওয়া যায় গাছের চারা এবং পরিবেশবান্ধব, যেহেতু কাগজ পচে যায়। দাম মাত্র ৫ টাকা। তাই বিক্রিও হচ্ছে পুরোদমে। আর বইমেলায় না কিনলে এ কলম পাওয়ার জন্য যোগাযোগ করা যেতে পারে সুমল খাঁর ৯০৫১১ ১৮২০০ ফোন নম্বরে।
