মহাশোরগোল প্রতিবেদন: নদিয়া জেলার আন্তঃকলেজ ফুটবল, খো-খো এবং অ্যাথলেটিক প্রতিযোগিতা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে। এ বছর বগুলা শ্রীকৃষ্ণ কলেজের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১১ থেকে ১৩ ফেব্রুয়ারি এই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল শ্রীকৃষ্ণ কলেজ। উদ্বোধন হয়েছিল ১১ ফেব্রুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জয়ী খেলোয়াড় রাখি হালদার। এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. সন্দীপশঙ্কর ঘোষ, ওই বিশ্ববিদ্যালয়েরই শারীরশিক্ষার বিভাগীয় প্রাক্তন প্রধান অধ্যাপক ড. সৈকত চ্যাটার্জি, শ্রীকৃষ্ণ কলেজের গভর্নিং বডির সভাপতি অনুপকুমার ভদ্র, কলেজের অধ্যক্ষ তথা অর্গানাইজিং সেক্রেটারি অধ্যক্ষ ড. শুকদেব ঘোষ, আসাননগর এম এম টি কলেজের অধ্যক্ষ ড. অশোককুমার দাস, অর্গানাইজিং কমিটির জয়েন্ট সেক্রেটারি ড. মহম্মদ ইমরান হোসেন, শ্রীকৃষ্ণ কলেজের শারীরশিক্ষার বিভাগীয় প্রধান অশোক ব্যনার্জি, কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা এবং স্থানীয় বিশিষ্ট গুণীজনরা। আর সরকারি পর্যবেক্ষক অধ্যাপক ড. সুকুমার দাস খেলার দেখাশোনার দায়িত্বে ছিলেন।
তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছিল আন্তঃকলেজ অ্যাথলেটিক প্রতিযোগিতা। ১৮টি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আয়োজক শ্রীকৃষ্ণ কলেজের পুরুষ এবং মহিলারা উভয় বিভাগেই চ্যাম্পিয়নের গৌরবলাভ করে। পুরুষদের বিভাগে রানাঘাট কলেজ এবং মহিলা বিভাগে হরিণঘাটা কলেজ রানার্সআপ হয়।

দ্বিতীয় দিনে খো-খো এবং ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। ওইদিন শুধু মহিলাদের খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৬টি কলেজের মহিলা খো-খো দল অংশগ্রহণ করে। এই বিভাগেও বগুলা শ্রীকৃষ্ণ কলেজ চ্যাম্পিয়ন এবং কল্যাণী মহাবিদ্যালয় রানার্সআপ হয়। দ্বিতীয় দিন এবং শেষ দিনে চলে ১৪টি কলেজের মধ্যে ফুটবল প্রতিযোগিতা। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৩ ফেব্রুয়ারি।
প্রথম সেমিফাইনালে চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয় রানাঘাট কলেজকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমিফাইনালেও টাইব্রেকিংয়ের মাধ্যমে ফয়সালা হয়। এই খেলায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ৪-৩ গোলে হরিণঘাটা মহাবিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে।
ফাইনাল খেলা শুরু হয় ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। তীব্র উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কোনও পক্ষ গোল করতে না পারায় ফলাফলের জন্য তা টাইব্রেকার পর্যন্ত গড়ায়। টাইব্রেকারে বাজিমাত করে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। তারা আগামী দিনে কলকাতায় অনুষ্ঠিত রাজ্য চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় নদিয়া জেলার প্রতিনিধিত্ব করবে। মহিলা খো-খোতেও রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করবে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ।

ফুটবল প্রতিযোগিতার বিজয়ী ট্রফি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের হাতে তুলে দিয়েছেন অনুপকুমার ভদ্র এবং রানার্সআপ ট্রফি চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়ের হাতে তুলে দিয়েছেন ড. সুকুমার দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মহম্মদ ইমরান হোসেন। তারপর পতাকা নামিয়ে তিনদিনের ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন কলেজের গভর্নিং বডির সভাপতি।
