মহাশোরগোল প্রতিবেদন: সম্প্রতি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এই বিদ্যালয়ের ৫০০-র বেশি ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিবছরের মতো এবারও স্থানীয় রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই ক্রীড়া প্রতিযোগিতার বর্ণময় শোভাযাত্রা শুরু হয়। মঞ্চে ছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন রানাঘাটের ক্রীড়াপ্রেমী পুরপিতা কোশলদেব বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা প্রথম প্রধান শিক্ষিকা নমিতা কুণ্ডু, বর্তমান প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাস। তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
মোট ২০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা হয়। মিনি, সাব জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র বিভাগে মেয়েরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিল। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। অভিভাবিকাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। আর ছিল বিদ্যালয়ের শিক্ষিকাদের জন্য চোখ বেঁধে হাঁড়ি ফাটানোর ইভেন্ট। বিদ্যালয়ের ছাত্রীরা তাদের শিক্ষিকাদের চোখ বেঁধে হাঁড়ি ফাটানো বেশ উপভোগ করেছে। প্রকৃতপক্ষে উপস্থিত সকলেই এই প্রতিযোগিতা দেখে খুব খুশি। চোখ বাঁধার পর লাঠি হাতে দিদিমণিরা যখন নির্দিষ্ট দিকে না গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন, তখন ছাত্রীরা তাঁদের উদ্দেশে চিৎকার শুরু করলে প্রতিযোগিতা জমে ওঠে। আর একটি ইভেন্টও সকলের মন কেড়েছে। তা হল ছাত্রীদের জন্য যেমন খুশি সাজো। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তারা।


