অধ্যাপক ড. জয়ন্তকুমার দেবনাথ

নদিয়া জেলার ক্রীড়ামহলে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব একটি সুবিদিত নাম। এই ক্লাবের উদ্যোগে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই উপলক্ষে এই ক্লাবের ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অভিবাদন গ্রহণ করেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাস। ক্লাবের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠাতা সম্পাদক বাবু ঘোষ। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের বরণ করেন শিক্ষার্থীদের অভিভাবিকারা। তারপর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
চারটি গ্রুপে ১৫টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিভাবিকা এবং অভিভাবকরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আকর্ষণীয় ইভেন্ট ছিল সিনিয়রদের ৪×১০০ মিটার রিলে রেস।
রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের ফুটবল, ক্রিকেট এবং সফটবল শিক্ষার্থীদের নিয়ে এই অ্যাথলেটিক মিট তাঁদের মধ্যে অভূতপূর্ব আলোড়ন তৈরি করে। অ্যাথলেটিককে বলা হয় Mother of all Games. তাই কোনও খেলোয়াড়ের অ্যাথলেটিক দক্ষতা যত বেশি থাকবে, তাঁর ক্রিকেট, ফুটবল, সফটবল বা অন্য খেলার দক্ষতাও বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।
প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা ছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর হাতে একটি করে সুন্দর উপহার তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
