কুন্তল চক্রবর্তী

উত্তর ২৪ পরগনা বিবেকানন্দ সেবার ট্রাস্টের উদ্যোগে রঞ্জন দেবনাথ স্মৃতি সরস্বতী শিশুমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এ উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৮৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিদ্যালয়ে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত আবাসিক এবং অনাবাসিক দু’টি বিভাগেই ভর্তি হচ্ছে। এর সঙ্গে থাকছে ড. সুময় হীরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং ইউপিএসসি কোচিং সেন্টার। বিজ্ঞান, সংস্কৃত, হিন্দি এবং ইংরেজিতে গুরুত্ব দিয়ে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষাদানের ব্যবস্থা থাকছে এই বিদ্যালয়ে।
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ড. সুময় হীরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এলাকার মানুষের আর্থিক উন্নয়নে সাহায্য করবে। ইউপিএসসি কোচিং সেন্টার আগামিদিনে বাংলা থেকে সারা দেশকে উপযুক্ত প্রার্থী দেওয়ার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে বলে এই বিদ্যামন্দিরের এক কর্মকর্তা জানিয়েছেন। বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়। এই বিদ্যালয়কে কেন্দ্র করে ইতিমধ্যে বনগাঁবাসী এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্থানে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বহু মানুষ তাঁদের সন্তানসন্ততিকে এই বিদ্যালয়ে ভর্তি করার জন্য উৎসাহ প্রকাশ করেছেন।
