অধ্যাপক ড. জয়ন্তকুমার দেবনাথ

গত ১১ ও ১২ জানুয়ারি নাদিয়ার দত্তপুলিয়ায় নবম রাজ্য সফটবল খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের ১৪টি জেলা পুরুষ দল এবং ১৩টি জেলা মহিলা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দত্তপুলিয়া সফটবল কমিটি এই খেলার দায়িত্ব নিয়েছিল। দু’দিনের এই প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। পুরুষ এবং মহিলাদের মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। রাতেরবেলায় খেলারও ব্যবস্থা ছিল।
দু’দিনের রাজ্য সফটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সমীর পোদ্দার। উপস্থিত ছিলেন রাজ্য সফটবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি উৎপল রায়।
পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করে নদিয়া। বীরভূম দ্বিতীয় এবং জলপাইগুড়ি তৃতীয় স্থান অধিকার করে। মহিলা বিভাগেও প্রথম স্থান অধিকার করে নদিয়া জেলা। পূর্ব মেদিনীপুর দ্বিতীয় এবং জলপাইগুড়ি জেলা তৃতীয় স্থান অধিকার করে।

এতগুলি জেলার অংশগ্রহণ সফটবল খেলার মতো একটি অলিম্পিক গেমকে রাজ্যে নতুন মাত্রা এনে দিয়েছে। এর মূলে রয়েছে নতুন রাজ্য সম্পাদক হেমলাল মণ্ডলের অক্লান্ত পরিশ্রম। তিনি জেলায় জেলায় গিয়ে এই খেলার প্রচার করেছেন। খেলার সরঞ্জাম জেলা সংস্থাগুলিকে বিতরণ করেছেন। তারপর প্রতিটি জেলায় সফটবলের ওয়ার্কশপ করে জেলায় জেলায় দল গঠন করতে বড় ভূমিকা নিয়েছেন। ওয়ার্কশপগুলির দায়িত্বে ছিলেন জাতীয় খেলোয়াড় তথা আম্পায়ার অমিত মণ্ডল, বাপ্পা মণ্ডল, রাখি ঘড়ামি এবং তমা মণ্ডল। এছাড়াও আম্পায়ার সমস্যা সমাধানের জন্য রাজ্য সফটবল অ্যাসোসিয়েশন একটি আম্পায়ার ক্লিনিক করেছে। সেখানে ৫০ জনেরও বেশি আম্পায়ার অংশগ্রহণ করেন।
বিভিন্ন জেলা দলের সম্পাদক এবং ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মৃত্যঞ্জয় দাস, অধ্যাপক মিমু শেখ, অধ্যাপক দিব্যায়ন ঘোষ, অধ্যাপক অঞ্জন কোনাই, সর্বেশ্বর কোনাই-সহ আরও অনেকে।
আর বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দত্তফুলিয়া সফটবল কমিটির সম্পাদক মলয় বিশ্বাসের নেতৃত্বে একটি কমিটির সকলের অক্লান্ত পরিশ্রমে এই রাজ্য প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে আসা দর্শকে দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লসের মাঠ পরিপূর্ণ ছিল।
