জয়ন্তকুমার দেবনাথ: নদিয়া জেলার অন্যতম সেরা শ্যামাপুজোর আয়োজন করে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। এ বছর ৪৯তম বছরে পা দিল এই পুজো। এই পুজোর প্রধান বৈশিষ্ট্য এক জমজমাট মেলার আয়োজন। প্রতিবছরই এই মেলা পাঁচদিন ধরে চলে। পাঁচদিনে কয়েক লক্ষ দর্শনার্থীর আগমন হয়। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের এই মিলনমেলায় উপস্থিত হয়। ৮ থেকে ৮০, সব বয়সের মানুষের সমাগমে ফ্রেন্ডস ক্লাব মাঠ এক পূণ্যভূমিতে পরিণত হয়। প্রতিবছরই থাকে পুজোর আনুষঙ্গিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ৪৯ বছর ধরে শ্যামাপুজো উপলক্ষে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় থাকে বিভিন্ন আয়োজন। ছোট-বড় সকলের জন্য বিভিন্ন প্রকার “রাইডিং”এর ব্যবস্থা, ইলেকট্রিক নাগরদোলা, মিউজিয়াম থাকে। মনিহারি আর বিভিন্ন রকমের খাবারের দোকানও থাকে। চা বিক্রেতারা চা-কফি নিয়ে পৌঁছে যান মেলায় আসা মানুষের কাছে। পাওয়া যায় মোমো থেকে বিরিয়ানি, আইসক্রিম থেকে মোগলাই পরোটা ছাড়াও আরও অনেক কিছু। থাকে ঘর সাজানোর জিনিসপত্র। রাত যত বাড়ে, ততই মানুষের ভিড়ে জমজমাট হয় ফ্রেন্ডস ক্লাব মেলা প্রাঙ্গণ। আশপাশের সব ক্লাবের কালীপুজো দেখে সবাই জমায়েত হয় এখানে। তারপর খবরের কাগজ বিছিয়ে সপরিবারে চলে আড্ডা এবং খাওয়াদাওয়া। অনেকে আবার বাড়ি থেকে শতরঞ্চি নিয়ে আসেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে বহু মানুষ পুজো প্রাঙ্গণের মেলা উপভোগ করে থাকেন প্রতিবছর।
