মহাশোরগোল প্রতিবেদন: গত ২০ অক্টোবর রেডিয়ো সিটি বাংলার জনপ্রিয় পত্রপাঠ অনুষ্ঠানের পত্রলেখকদের চতুর্থ বর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হল কোন্নগরের (রাজেশ্বরীপীঠ) নবগ্রাম বিদ্যাপীঠে। প্রায় ২০০ জন পত্রলেখক-লেখিকা এই মহতী অনুষ্ঠানে যোগদান করেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশবাণীর প্রাক্তন উপস্থাপক-প্রযোজক-বাচিকশিল্পী-লেখক বরুণ দাস, আকাশবাণীর প্রোজেক্ট অফিসার ও লেখক শুভেন্দুবিকাশ বাগ, নবগ্রাম বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপকুমার মুখোপাধ্যায়, সহকারী শিক্ষক সংবর্ত তরফদার। প্রত্যেক অতিথিকে পুষ্পস্তবক, উত্তরীয়, শংসাপত্র ও স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সন্ন্যাসী মাইতি ও পাপিয়া পাটোয়ারি সম্পাদিত ‘পত্রালাপের সাতকাহন’ গ্রন্থটির মোড়ক উন্মোচন হয়। পত্রলেখিকা মালতী ঘোষ প্রত্যেকের হাতে সুদৃশ্য স্মারক উপহার তুলে দেন। পত্রলেখক ও লেখিকাদের পক্ষ থেকে রেডিয়ো সিটি বাংলার অধিকর্তা দেবাশিস মৌলিককে সুলেখক ফুলকুমার বেরা লিখিত মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি উপস্থিত প্রত্যেক পত্রলেখক ও লেখিকাকে স্মারক, অভিজ্ঞানপত্র, পুস্তক প্রভৃতি দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয় প্রাঙ্গণে থাকা মনীষীদের মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন ও উপনিষদ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। সম্মিলিতভাবে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন বরুণ দাস, দিলীপকুমার মুখোপাধ্যায়, শুভেন্দুবিকাশ বাগ এবং সংবর্ত তরফদার। উপনিষদ মন্ত্র উচ্চারণ করেন শক্তি চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের আয়োজক গোষ্ঠীর প্রধান পাপিয়া পাটোয়ারি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশিষ্ট অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন সমস্ত পত্রলেখক। অনেক রাত পর্যন্ত চলে শ্রুতিনাটক, গান, গিটার, মাউথ অর্গান, কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বরুণ দাসের কণ্ঠে গল্পপাঠ খুবই প্রশংসিত হয়। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন পাপিয়া পাটোয়ারি। সহযোগিতা ও আপ্যায়নে ছিলেন স্বপনকুমার দত্ত ও অতনু রায়চৌধুরী এবং অন্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট পত্রলেখক তাঞ্জিলাল সিদ্দিকি।
