দয়াময় পোদ্দার
আজ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তবু আমি ঘুমোব না। তুমি যে আঁধারে আছ, ভিক্ষার আলোটুকু ঝুলিতে বেঁধে লাঠির মাথায় ঝুলিয়ে ফিরে গেছে বুড়ো সন্ধ্যাতারা, প্রবাদে দু’কলি গান ছিল। লতাপাতায় জড়িয়ে লাইটপোস্টের সৌখিন নিশ্বাস ঢাকা আততায়ী, কালভার্ট পাশে নয়ানজুলিতে ওঁৎ পেতে বসা হাতে ছুরি, তোমার শরীরে ঢুকে সব অলিগলি চিনে গেছে, এফোঁড় ওফোঁড় করে দেবে নিখুঁত ছোবলে। তারপরে উল্লাসে হাজারবার রক্ত ছুড়ে দেবে শূন্যে, যেন বৃষ্টিধারা স্নান হবে; শিকড়ের আলোঝুরি, বিন্দুজল দোলা। আমি এই আঁধারেই আছি!
