ড. স্বয়ংদীপ্ত বাগ
তুমি আর কত নিঃস্ব, কলুষিত
করবে আমায়?
যা কিছু গর্বের ছিল, সবই আজ
মাটিতে লুটায়!
ঘোলাটে আকাশে ক্ষীণ হয়ে আসে
গ্রহ-তারাদের শোভা,
নদী, প্রান্তর সব হারিয়ে
ক্লান্ত চাঁদের আভা।
বরফগলা শিখরভূমি,
শূন্যগর্ভ খনি,
রোগ, দুর্যোগ বাড়ছে,
বাড়ছে কৃত্ৰিমতার জয়ধ্বনি!
মাটিতে বিষ, জলেও বিষ,
হাওয়ায় বিষ ছড়ায়…
অসংযত লোভী পুত্র,
তোমার বিপদ নিশ্চয়।
আজ আদিবাসী বন-পাহাড়হারা,
বন্যপ্রাণ ছন্নছাড়া,
ছন্দহারা জীবনছন্দ, শুধু
দ্বন্দ্বযুদ্ধে ভরা!
আর কত মূল্য দিতে হবে
তোমার সভ্যতায়?
এরপরে আমি ছিন্নমস্তা…
ধ্বংস, রক্তধারায়!
