সাগরময় অধিকারী

কবি অক্ষয় চৌধুরী রবীন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথের বাল্যবন্ধু। অক্ষয় ইংরেজি সাহিত্য সম্বন্ধে খুব আলোচনা করতেন। একদিন রবীন্দ্রনাথ কৃত্রিম গোঁফ-দাড়ি লাগিয়ে পারসি সেজে অক্ষয়চন্দ্রের কাছে এসে বললেন যে, তিনি বোম্বাই থেকে এসেছেন। তাঁর সঙ্গে ইংরেজি সম্বন্ধে আলোচনা করবেন। অক্ষয়চন্দ্র আলোচনা করতে স্বীকৃত হলেন। রবীন্দ্রনাথের অভিনয় এত চমৎকার হচ্ছিল যে, তাঁর কণ্ঠস্বরও অক্ষয়চন্দ্র ধরতে পারলেন না। বায়রন, শেলি, কিটস নিয়ে তুমুল তর্ক শুরু হল। অন্যরা বসে খুব আমোদ করছেন। এমন সময় স্যার তারকনাথ পালিত এসে উপস্থিত। তিনি এসেই ‘এ কী রবি!’ বলেই তাঁর মাথায় এক থাপ্পড় মারলেন। অমনি রবীন্দ্রনাথের কৃত্রিম দাড়ি-গোঁফ খসে পড়ে গেল। অক্ষয় চৌধুরী ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। অন্য বন্ধুরা হাসি সংবরণ করতে পারলেন না। সেদিন ছিল পয়লা এপ্রিল।
