অধ্যাপক ড. জয়ন্তকুমার দেবনাথ

ভারতীয় ক্রিকেট দলের দু’টি স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথমে রোহিত শর্মা এবং তার তিন দিন পর বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন। চাকরি জীবনে নির্দিষ্ট বয়সের পর অবসর বাধ্যতামূলক। খেলোয়াড়দের ক্ষেত্রে তাঁরা দক্ষতার নিরিখে অবসর নিয়ে থাকেন। তবে এ মুহূর্তে এই দুই ভারতীয় কিংবদন্তি খেলোয়াড়ের দক্ষতা পড়তির দিকে, তা কখনও বলা যাবে কি? এখন বিশ্বের সর্ববৃহৎ এবং জনপ্রিয় টি-২০ আইপিএল ক্রিকেট লিগ মাঝপথে। ভারত-পাক যুদ্ধের কারণে একসপ্তাহ বন্ধ রাখার পর ফের শুরুর মুখে। এই টুর্নামেন্টে তাঁদের দক্ষতা এমন নয় যে, দল থেকে বাদ দেওয়া যায়। তাঁরা অবসর নিচ্ছেন টেস্ট ক্রিকেট থেকে, কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, একজন ক্রিকেট খেলোয়াড়ের প্রকৃত বিচার হয় টেস্ট ক্রিকেটে। এটা ক্রিকেট বিশেষজ্ঞদের অকাট্য যুক্তি। কারণ টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে খেলোয়াড়দের দক্ষতা মাপা হত টেস্ট ক্রিকেটের দক্ষতা দেখেই। তারপর কালের নিয়মে এসেছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, টি-২০ ম্যাচ। তিনটি ফর্মেটই ভিন্ন ঘরানার। রোহিত শর্মা এবং বিরাট কোহলি তিনটি ফর্ম্যাটেই তাঁদের যোগ্যতার ছাপ রেখে বিদায় জানালেন টেস্ট ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটকে। তাঁদের অবসরে এখন চারদিকে একটা গেল গেল রব তুলেছেন কিছু ক্রিকেট বিশেষজ্ঞ। আবার গত নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে এই দুই ক্রিকেটার অফ ফর্মে থাকায় তথাকথিত ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন। এই দুই কিংবদন্তি ক্রিকেটারের কোন ফর্ম্যাটে কী পারফরম্যান্স, তা নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ নেট মাধ্যমে সহজেই তা জানা যাবে।
সামনেই ইংল্যান্ড সফর। সেখানে থাকবেন না এই দুই ক্রিকেটার। তাতে আগামিদিনে ভারতীয় দল কি পারবে তাদের টেস্ট ক্রিকেটে সুনাম ধরে রাখতে? গত দু’বার ভারতীয় দল পরপর টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছিল। তাই আগামদিনে এ চাপ থাকবে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের ওপর।
কিছুদিন আগে যখন এই দুই ক্রিকেটার অফ ফর্মে ছিলেন, তখন তাঁদের কঠোর সমালোচনা শুনতে হয়েছে। অনেকেই তাঁদের অবসরের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আজ আবার তাঁরাই বলছেন, এই দুই ক্রিকেটার আরও দু’-এক বছর টেস্ট ক্রিকেট ভালোভাবেই চালিয়ে যেতে পারতেন। এটাই হল মনুষ্য চরিত্র। প্রকৃত ক্ষতি হবে দর্শকদের। তাঁরা রোদে পুড়ে, জলে ভিজে তাঁদের প্রিয় খেলোয়াড়দের খেলা দেখতে ভিড় করতেন স্টেডিয়ামে। রোহিত এবং বিরাটের অবসরে ভারতীয় ক্রিকেট কিছুটা হলেও তার রং হারাবে। আর আমরা হারাব তাঁদের অসামান্য দর্শনীয় ড্রাইভ, কাট, পুল ইত্যাদি শট।
