Mahashorgol.com প্রতিবেদন: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে সম্প্রতি বনগাঁর ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন জাগ্রত সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-যুব উৎসব ২০২৬। ২২ ও ২৩ জানুয়ারি দু’দিন ধরে চলে উৎসব। ২২ জানুয়ারি সকালে এক বর্ণাঢ্য রোড রেসের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
সকালের কুয়াশা ভেদ করে বনগাঁ শহরের রাস্তায় ছাত্র ও যুবদের উদ্দীপনাময় অংশগ্রহণে রোড রেস অনুষ্ঠিত হয়। এই রোড রেসের মাধ্যমে উৎসবের মূল বার্তা— ‘সুস্থ শরীর, সুস্থ মন এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন’ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
উৎসব সফলভাবে সম্পন্ন করতে যাঁরা নিরলস পরিশ্রম ও উদ্যোগ গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সোমেন নাথ, তাপস গঙ্গোপাধ্যায়, সোনাকুমার দাস, অরূপ দে, সুশান্ত পাল, বিমলেন্দু দাস ও বাবুসোনা হেলা-সহ জাগ্রত সংঘের অন্যান্য সদস্য।
উদ্বোধনী পর্বে উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ আজও ছাত্র ও যুবসমাজের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। শারীরিক সক্ষমতার সঙ্গে সঙ্গে মানসিক দৃঢ়তা গড়ে তোলার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। বর্তমান সময়ে যুবসমাজকে নেশা ও অবক্ষয়ের পথ থেকে সরিয়ে এনে গঠনমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা চরিত্র গঠন, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির মাধ্যম। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সমাজে সুস্থ সংস্কৃতির গণমুখী প্রসার সম্ভব। ছাত্র-যুব উৎসব চলাকালীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁয় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে তাঁর আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করার এই উদ্যোগ বনগাঁবাসীর কাছে প্রশংসা কুড়িয়েছে।

