ফাল্গুনী ঘোষ

আইডেনটিটির প্রশ্নটি জটিল ও বহুবিস্তৃত| তা ব্যক্তি থেকে সমষ্টি, গৃহ থেকে সমাজ, সম্প্রদায় থেকে জাতি, দেশ থেকে অন্তর্দেশ, মহাদেশ থেকে পৃথিবী পর্যন্ত বিস্তৃত| বিষয়গুলি একে একে বলতে চাইছি| একটি টিনেজ ছেলে বা মেয়ে তার সমবয়স্ক একজন বন্ধুকে পেতে চায়, যে তার সারাদিনের যাপনের কথাগুলি আর একজনকে বলতে চায়| সম্পর্ক হতে পারে বন্ধুত্বের বা প্রেমের| কিন্তু সেখানে একটা সখ্য অবশ্যই থাকে| তাহলে একটি আয়না আমাদের দরকার, যাতে আমার আমিকে ছেলেটি বা মেয়েটি দেখতে পায়| সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আয়না মানুষ বদলে যেতে পারে কিংবা একই থেকে যেতে পারে| প্রেম বা সখ্য এমন এক জিনিস, যা এই আয়নার পরিপূরক| শরীরের অবয়ব দেখতে আমাদের দরকার একটি বস্তু আয়না, যা কাচের তৈরি| কিন্তু মন ও মননের আয়না ভালো বন্ধুটি| তাই আমাদের যে কোনও বয়সের মানুষের দরকার ভালো সেনসিটিভ বন্ধু| তার সঙ্গে কথা বলতে বলতে নিজের পছন্দ-অপছন্দের কর্মপ্রণালীকে প্রতিষ্ঠা দেওয়া যায়| এই হল একজন ব্যক্তিমানুষের আইডেনটিটি|
সমাজে একটি মানুষের আইডেনটিটি তৈরি হয় তার কাজের মধ্য দিয়ে| তার সঙ্গে সংযুক্ত থাকে পারিবারিক পরিচিতি| বিশেষ করে গ্রামীণ সমাজে, যেখান থেকে একজন মানুষের উৎপত্তি, সেই শিকড়ে তার আর একটি পরিচিতি সে বহন করে অটোমেটিক্যালি, যেমন, বামুন, কায়েত, সদগোপ, তিলি, কামার, কুমোর, নাপিত, জেলে, বাগদি, মুচি প্রভৃতি। একজন সাধারণ ঘরের মানুষ, যে হয়তো এরকম গ্রামীণ সমাজে নিচু বর্গের, সে পড়াশোনা করতে শহরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করল| একজন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বা বড়ো প্রশাসনিক অফিসার হিসাবে আত্মপ্রকাশ করল| সে গ্রাম ছেড়ে শহরে বসবাস করতে করতে তার আগের গ্রামীণ পরিচিতিকে পেরিয়ে গেল| নতুন করে সে অন্য একটি সমাজে তার পরিচিতি গড়ে তুলল আরও বেশি করে মানবিক সহৃদয় কাজের মধ্য দিয়ে| একে বলা হয় Existential heroism, মানুষটি Existential hero. যে মানুষ তার চিরাচরিত অনিবার্য অবশ্যম্ভাবীত্বকে ভেঙে বেরিয়ে এসে নতুন করে অনেক সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে দাঁড় করিয়ে সমাজে দৃষ্টান্ত তৈরি করে, সে হল অস্তিত্বের নায়ক বা নায়িকা| এমন উদাহরণ অনেক।
সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে বেকারত্বের তকমা নিয়ে ঘুরে বেড়ানো বেশ যন্ত্রণার| তাই দেখি, আজকের চাকরি বাজারে ফিজিক্সে মাস্টার ডিগ্রি করা মেধাবী ছাত্রটিও সামান্য মাধ্যমিক যোগ্যতার ফোর্থ ক্লাস স্টাফ হিসাবে কাজ করছে| তার মানে ছেলেটি অনেক স্বপ্ন দেখে ও সংগ্রাম করেও তার একচুয়াল আইডেনটিটির জায়গায় পৌঁছতে পারল না|
