মহাশোরগোল প্রতিবেদন: বাংলায় বাম জমানার লড়াকু বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের জনদরদি মুখ্যমন্ত্রী। একসময় দুর্নীতির বিরুদ্ধে তীব্র লড়াইয়ের মাধ্যমে এবং নিজের সৎ সত্তার সুবাদে বঙ্গবাসীর মন জয় করেছিলেন। পরিণামে বাংলা শাসনের দায়িত্ব বর্তেছে তাঁর ওপর। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। ঘটে গিয়েছে অনেক ঘটনা-দুর্ঘটনা। নানা টানাপোড়েনের দাঁড়িতে পাল্লা ভারী করার জোর তৎপরতা বিভিন্ন মহলে। তবে সততার অমোঘ বার্তা আজও অক্ষত তাঁর গলায়। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ ছেড়ে প্রতিবাদের ভাষা জোগাচ্ছেন দলীয় নেতা-কর্মীদের। ২২ জানুয়ারিও তিনি জানান, সততাই একমাত্র পন্থা। ওইদিন তিনি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন।
মুখ্যমন্ত্রী জানান, ‘আমাদের সরকার সমন্বয় পোর্টালের মাধ্যমে জেলার যাবতীয় কর্মকাণ্ডের ওপর নজর রাখে। এখনও পর্যন্ত ৪৪১টি ঘোষিত প্রকল্পের মধ্যে ৩০৩টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জায়গায় শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। প্রকৃত উপভোক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের পরিষেবা পেয়ে যাবেন।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা কেবল মানুষের কাজ করতে এসেছি। এক্ষেত্রে কোনওরকম গাফিলতি বা শৃঙ্খলাভঙ্গের স্থান নেই। মানুষের কাজ করার সময় আমাদের তাঁদের পাশে থাকতে হবে। তাঁদের সুখ-দুঃখের সাথি হতে হবে। কোনওরকম বেআইনি কাজকে রেয়াত করা হবে না। আমাদের লক্ষ্য শুধু জনসেবা। তাই সেখানে সততাই হবে একমাত্র পন্থা।’
